মাদারীপুরের কালকিনিতে গাছের নিচে চাপা পড়ে সেলিনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শ্রমিকদের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিনা একই ইউনিয়নের উত্তর চরআইড়কান্দি গ্রামের দেলোয়ার হাওলাদারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী আলতাফ ও সবুর বলেন, রমজানপুর গ্রামের আফজাল হাওলাদারের দোকানের কাছে একটি বাগান থেকে শ্রমিকদের দিয়ে গাছ কাটান ব্যবসায়ী কালু শিকদার। এ সময় ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফেরার পথে গাছের নিচে চাপা পড়েন সেলিনা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশালের আশোকাঠী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারা বলেন, শ্রমিকদের অবহেলায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। তারা সড়কের পাশে গাছ কাটলেও কোনো ধরনের সতর্ক ছিলেন না।
কালকিনি থানার এসআই মো. হাসান আলী বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

