পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন টাঙ্গাইলের রাম প্রসাদ

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন টাঙ্গাইলের রাম প্রসাদ
নিহত রাম প্রসাদ সরকার । ছবি: আমার দেশ

পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলগার্ভ প্রদেশের মেশিলহোইরা গ্রান্দে এলাকায় এক সড়ক দুর্ঘটনায় রাম প্রসাদ সরকার (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ময়নাল হক।

গত মঙ্গলবার দেশটির স্থানীয় সময় বিকেলে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসটির সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও চার বাংলাদেশি অভিবাসী গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিহত রাম প্রসাদ সরকার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় গ্রামের নিপেন্দ্র সরকারের ছেলে। তিনি মির্জাপুর বাজারে ল্যাপটপ-কম্পিউটার মেরামতের ব্যবসা করতেন। গত ১০ দিন আগে উন্নত জীবনের আশায় তিনি পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন।

পর্তুগালের স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচজন বাংলাদেশি অভিবাসীকে নিয়ে ওই মাইক্রোবাসটি (ব্যক্তিগত গাড়ি) একটি রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় দ্রুতগতির ট্রেনটি গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে সেটি রেল সড়কের পাশেই ছিটকে পড়ে ও গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাম প্রসাদ।

খবর পেয়ে ১১টি জরুরি উদ্ধারকারী যানবাহন, একটি বিশেষ মেডিকেল হেলিকপ্টার, দমকল বাহিনী, পুলিশ ও জরুরি চিকিৎসা বিভাগের যৌথ প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে দ্রুত পোর্তিমাও ও ফারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন ওই চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে পর্তুগিজ কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগন্যাল বা সময়ের অসতর্কতার কারণে গাড়িটি চলন্ত ট্রেনের সামনে চলে আসায় এই ঘটনা ঘটতে পারে।

নিহত রাম প্রসাদ সরকারের বাড়ি টাঙ্গাইল জেলায় হওয়ায় পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এবং তার নিজ এলাকা মির্জাপুরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উন্নত জীবনের আশায় দেশ পাড়ি দেওয়া এই যুবকের এমন অকাল মৃত্যুতে সহকর্মী-বন্ধু ও আত্মীয়-স্বজনদের মাঝে বিরাজ করছে বিষন্নতা। তাঁর লাশ দেশে ফেরা নিয়ে কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। বর্তমানে তার লাশটি ফারো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন