‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহার করায় প্রধান শিক্ষক আটক

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহার করায় প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগ উঠেছে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার বিরুদ্ধে। এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে ব্যানারসহ আটক করে থানায় নিয়ে গেছে সাটুরিয়া থানা-পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের তিল্লি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র‍্যালিতে একটি ব্যানার বহন করা হয়। ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।

র‍্যালি শেষে তিল্লি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা সাটুরিয়া থানা-পুলিশকে জানান।

খবর পেয়ে সাটুরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের তথ্যমতে, আটক আবুল হাশেম ভূঁইয়া (৪৮) দৌলতপুর উপজেলার কালিয়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম মৃত ফুলতান ভূঁইয়া। পুলিশের দাবি, তিনি দৌলতপুর থানাধীন কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ে র‍্যালি ও আলোচনা সভা আয়োজন নিয়ে তাদের আপত্তি ছিল না। তবে র‍্যালিতে ব্যবহৃত ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা শুরু হয়। পরে তারা পুলিশকে বিষয়টি জানান।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন