জাতীয়করণের অপেক্ষায় শতবর্ষী মাদরাসা

জাতীয়করণের অপেক্ষায় শতবর্ষী মাদরাসা
ছবি: আমার দেশ

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকায় ১৯২১ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ‘এনায়েতনগর ওয়েজিয়া দাখিল মাদরাসা’। প্রতিষ্ঠার পর থেকেই এ অঞ্চলে দ্বীনি ও সাধারণ শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।

দীর্ঘ পথচলায় বহু গুণী ও আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে মাদরাসাটি স্থানীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। তবে শত বছরের ইতিহাস ও ঐতিহ্য বহন করলেও প্রতিষ্ঠানটি আজও জাতীয়করণের (সরকারি) অপেক্ষায় দিন গুনছে।

বিজ্ঞাপন

বর্তমানে সুপার এমদাদুল হক খানের দক্ষ পরিচালনায় সুশৃঙ্খল ও সুনামের সঙ্গে চলছে মাদরাসাটি। প্রতিষ্ঠানে কর্মরত সহকারী শিক্ষক ও কর্মচারীদের সার্বিক আন্তরিকতা ও প্রচেষ্টায় দিন দিন শিক্ষার মান ও শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও অভিভাবকরা জানান, ১৯২১ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক দ্বীনি শিক্ষাপীঠটি শতবর্ষ পার করলেও কাঙ্ক্ষিত সরকারি সুবিধা থেকে কিছুটা পিছিয়ে রয়েছে।

প্রতিষ্ঠানটিকে দ্রুত জাতীয়করণ করা হলে এ অঞ্চলের দরিদ্র ও সাধারণ শিক্ষার্থীরা আরও ভালো সুবিধা পাবে এবং শিক্ষার মান বহুলাংশে বৃদ্ধি পাবে। শতবর্ষী এই মাদরাসাটিকে অবিলম্বে জাতীয়করণের আওতায় আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন শিক্ষক, শিক্ষার্থী ও বৃহত্তর এনা‌য়েতনগর বাসী।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন