আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যাত্রী ও যানবাহনের অপেক্ষায় ফেরি

ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট প্রায় ফাঁকা, নেই কোনো চাপ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট প্রায় ফাঁকা, নেই কোনো চাপ
ছবি: আমার দেশ

ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে এবার দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। যেখানে প্রতি বছর ঈদকে ঘিরে যাত্রী ও যানবাহনের ব্যাপক চাপ থাকে, সেখানে এবার ঘাট এলাকায় নেই তেমন কোনো ভিড়।

আজ শুক্রবার সকালের দিকে কিছুটা চাপ থাকলেও দুপুরের পর থেকে অনেকটা ফাঁকা।

বিজ্ঞাপন

ঘাটে একাধিক ফেরি অলস সময় পার করছে। যাত্রী ও যানবাহনের অভাবে অনেক ফেরিকেই নির্ধারিত সময়ের বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ঘাটে নেই দীর্ঘ যানজট কিংবা অপেক্ষমাণ গাড়ির সারি, বরং উল্টো ফেরিগুলোই যাত্রী ও গাড়ির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই নৌরুটে চাপ অনেকটাই কমে গেছে। ফলে ঈদের মতো ব্যস্ত সময়েও এবার তেমন ভোগান্তি নেই যাত্রীদের।

ঘাট এলাকায় দায়িত্বরত কর্মকর্তারা জানান, পরিস্থিতি স্বাভাবিক ও স্বস্তিদায়ক রয়েছে। যাত্রীদের কোনো ভোগান্তি ছাড়াই দ্রুত পারাপার নিশ্চিত করা যাচ্ছে।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাক আব্দুস সালাম বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে পাটুরিয়া ঘাট–দৌলতদিয়া ঘাট নৌপথে বর্তমানে ১৭টি ফেরি এবং আরিচা ঘাট–কাজিরহাট ঘাট নৌপথে ৫টি ফেরি চলাচল করছে। এছাড়াও ৩৩টি লঞ্চের মাধ্যমে যাত্রী পারাপার নিশ্চিত করা হচ্ছে।

যাত্রীরা জানান, আগের বছরের তুলনায় এবার খুব সহজেই নদী পার হওয়া যাচ্ছে। কোনো ধরনের চাপ বা দীর্ঘ অপেক্ষা না থাকায় স্বস্তিতে রয়েছেন তারা।

সবমিলিয়ে, এবারের ঈদ যাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নেই চিরচেনা ভিড় ও ভোগান্তি—বরং ফাঁকা ঘাট আর অপেক্ষমাণ ফেরির দৃশ্যই চোখে পড়ছে বেশি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন