চাকরির প্রলোভন দেখিয়ে বন্ধুকে অপহরণের পর টঙ্গীতে হত্যা

চাকরির প্রলোভন দেখিয়ে বন্ধুকে অপহরণের পর টঙ্গীতে হত্যা
আকাশ সরদার

চাকরির প্রলোভন দেখিয়ে বন্ধুকে গাজীপুরের টঙ্গীতে এনে হত্যার অভিযোগ উঠেছে। মৃত আকাশ সরদার (২১) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চাঁদপুর গ্রামের মো. করিম সরদারের ছেলে ও অভিযুক্ত মাজহারুল ইসলাম মিঠুর (৩০) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার নাজিরপুর গ্রামের তারা মিয়ার ছেলে। দুজনই কম্বোডিয়া প্রবাসী ছিলেন।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে ২৭ জুলাই সন্ধ্যায় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে। এ ঘটনায় মিঠুকে র‌্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মিঠুর তথ্যের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের সহযোগিতায় ফরিদপুর কোতোয়ালি থানার একদল পুলিশ সোমবার সকালে ইজতেমা ময়দানের একটি পরিত্যক্ত ড্রেন থেকে আকাশ সরদারের লাশ উদ্ধার করে।

এর আগে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি দায়ের করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, আকাশ সরদার ও মাজহারুল ইসলাম মিঠু প্রায় আড়াই বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার অপু মিয়ার মাধ্যমে কম্বোডিয়া যান। গত ৩ মাস আগে তারা কম্বোডিয়া থেকে দেশে ফেরেন। দেশে আসার পর আকাশ সরদার বেকার হয়ে পড়েন। পরে তাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ২৭ জুলাই (সোমবার) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেকে আনেন মাজহারুল। সেখান থেকে তাকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে আসা হয়। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে আকাশের স্ত্রী জেরিনের মোবাইলে হোয়াটসঅ্যাপে কল করে আকাশকে আটকে রাখার বিষয়টি জানান সুমন নামে এক ব্যক্তি। এর পর থেকেই আকাশের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে আকাশের বাবা করিম সরদার বাদী হয়ে মাজহারুল ইসলাম মিঠু, মো. অপু মিয়া ও মো. সুমন মিয়াকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে ফরিদপুর কোতোয়ালি থানার তদন্তকারী কর্মকর্তার চাহিদাপত্র (রিকুইজিশন)-এর ভিত্তিতে উত্তরা র‌্যাব-১-এর একটি দল গত ২৩ আগস্ট (রোববার) টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মাজহারুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যমতে সোমবার সকালে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের ২১ নম্বর টয়লেটের একটি পরিত্যক্ত ড্রেন থেকে আকাশ সরদারের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়ানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...