সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের তালতলা-আমবাগ সড়ক খানাখন্দের কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি হলে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে পথচারী ও যান চলাচলে ভোগান্তি পোহাতে হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে তালতলা-আমবাগ সড়ক সংস্কার না হওয়ায়, সড়কের বুকজুড়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে এসব গর্ত ডুবে গেলে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল, অটোরিকশা, ইজিবাইক ও ভ্যান প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে সাধারণ মানুষদের মারাত্মক ক্ষতির শিকার হতে হয়। তারপরও জীবন-জীবিকার তাগিদে প্রতিদিন হাজারো মানুষকে এই সড়ক দিয়েই চলাচল করতে হয়। শুধু সোনারগাঁয়েরই নয়, পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলাসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এটি। প্রতিদিন কর্মজীবী মানুষ, পোশাক কারখানার শ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও রোগীবাহী যানবাহন এই সড়ক ব্যবহার করে থাকেন। স্থানীয় বাসিন্দা নুরুল হক জানান, দীর্ঘদিন ধরে সড়কের কোনো সংস্কার হয়নি। প্রায় ছয় মাস আগে সড়কের সংস্কারকাজ শুরু হলে আমরা আশায় বুক বেঁধে ছিলাম। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে ইটের খোয়া ফেলে কাজ বন্ধ করে দেওয়া হয়। এতে দুর্ভোগ কমার পরিবর্তে আরো বেড়েছে। অনেক জায়গায় ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশে পানি জমে থাকে।
কোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারুল কবির বলেন, তালতলা থেকে আমবাগ সড়কের কাজ দীর্ঘদিন ধরে অর্ধেক করে বন্ধ রাখা হয়েছে। ফলে সড়কের অনেক জায়গা খানাখন্দে ভরে গেছে। এতে স্কুলগামী ছোট ছোট শিশু ও পথচারীদের অনেক কষ্ট হয়। আমরা চাই প্রশাসন দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নিক।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সোনারগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী সোহেল হোসেন সাংবাদিকদের জানান, আমি এ উপজেলায় নতুন যোগদান করেছি। তাই সবকিছু এখনো বিস্তারিত জানি না। তবে ১০টি রাস্তার কাজের জন্য আবেদন করা হয়েছে। সেখান থেকে অতি শিগগিরই আটটি রাস্তার কাজ করা হবে। পর্যায়ক্রমে বাকি রাস্তার কাজও করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

