টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার পাথালিয়া সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ইমন তালুকদার (১৭) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি নারান্দিয়া ইউনিয়নের করুয়া গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে।
অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কস্তুরীপাড়া বাজারের সামনে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রায়হান (২০) নিহত হন। তিনি আউলিয়াবাদ গ্রামের খালেক মিয়ার ছেলে।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতরা কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

