সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরও চারটি ঝুটের গুদাম ও একটি বাড়িতে। এতে পাঁচটি গুদাম ও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট ৪টি ইউনিট কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে আলাউদ্দিন ও বাবুল মিয়ার মালিকানাধীন একটি ঝুটের গুদামে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেড়ে পাশের আরও চারটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় গুদামসংলগ্ন একটি বাড়িতেও আগুন লাগে। পরে রাত সাড়ে ১১টার দিকে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
জিরাবো ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শাহাবুদ্দিন জানান, ঝুটের গুদামে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

