গ্রামগঞ্জে, শহরের অলিগলিতে ছোট মুদি দোকানগুলোতে শিশুদের ভিড় চোখে পড়ে। কারো হাতে বিভিন্ন রঙের আইসক্রিম, চিপস, নাম-বেনামে তৈরি ফলের জুস ও জেলি, আবার কারো মুখে আচার, চকলেট, ক্যান্ডি, ললিপপ অথবা বিস্কুট। এসব খাবারের অনেকগুলোতে ব্যবহার করা হচ্ছে কাপড়ের রঙ।
চিকিৎসাবিজ্ঞানের মতে, একটি শিশুর মস্তিষ্কের সবচেয়ে বেশি বিকাশ ঘটে জন্মের পর থেকে পাঁচ বছর বয়সের মধ্যে। পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র ও প্রজননতন্ত্রসহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের বিকাশ শুরু হয় জন্মের পর থেকেই। শিশুর শৈশবকালে এসব তন্ত্র খুবই সংবেদনশীল থাকে।
এ সময় সামান্য ক্ষতিও শিশুর দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। এ সময়ে প্রয়োজন পুষ্টিকর খাবার, প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক এবং পরিবারের উপযুক্ত পরিবেশ। শিশুদের উপযুক্ত ও পুষ্টিকর খাবার সরবরাহ করতে না পারলে তাদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। অথচ ঠিক এ সময়ই বাবা-মা ও আত্মীয়স্বজনরা বাধ্য হয়ে কিংবা নিজের ইচ্ছায় শিশুদের হাতে তুলে দিচ্ছেন বিষ। বিভিন্ন ধরনের শিশু খাদ্যে ভিন্ন ভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানো হয়। এসব ক্ষতিকর উপাদান ধীরে ধীরে প্রাণঘাতী বিভিন্ন রোগের জন্ম দেয়। তাই অবিলম্বে এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।
শিক্ষার্থী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


