সুরেশ্বরের বাঁধে বাড়ছে ফাটল, মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা

সুরেশ্বরের বাঁধে বাড়ছে ফাটল, মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছঘাট এলাকায় পদ্মা নদীর তীররক্ষা বাঁধে প্রায় ৫০ মিটারজুড়ে ফাটল দেখা দিয়েছে। বুধবার ভোররাতে বাঁধের একটি অংশে ফাটল দেখা দেওয়ার পর সময়ের সঙ্গে তা আরো বিস্তৃত হচ্ছে। এতে নদীতীরবর্তী ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বাঁধ ধসে পড়ার আশঙ্কায় সুরেশ্বর মাছঘাট এলাকার অনেক ব্যবসায়ী দোকানপাটের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছেন। ফাটল ক্রমেই বাড়তে থাকায় বাঁধের স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোররাতে মাছঘাট এলাকার পদ্মার তীররক্ষা বাঁধে হঠাৎ ফাটল দেখা দেয়। সকালে আলো ফুটলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে ফাটলটি ধীরে ধীরে বিস্তৃত হয়ে প্রায় ৫০ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে ফাটল দেখা দেওয়ায় নদীতীরবর্তী ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাঁধের কোনো অংশ ধসে পড়লে মাছঘাট ও আশপাশের এলাকায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান এবং শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. জসীম উদ্দীন। এ সময় প্রশাসনিক কর্মকর্তা ও প্রকৌশলীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ইউএনও মো. আব্দুল কাইয়ুম খান বলেন, সুরেশ্বর মাছঘাট এলাকায় তীররক্ষা বাঁধে ফাটলের তথ্য পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে। ফাটলের গভীরতা ও ঝুঁকির মাত্রা পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, পরিস্থিতির যেন আরো অবনতি না ঘটে এবং স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করা যায়, সে বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ফাটল দেখা দেওয়ার পর থেকেই বাঁধসংলগ্ন এলাকায় সতর্ক অবস্থায় রয়েছেন স্থানীয়রা। দ্রুত বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নদীতীরবর্তী ব্যবসায়ী ও বাসিন্দারা।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন