টঙ্গীতে পোশাক শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

টঙ্গীতে পোশাক শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

গাজীপুরের টঙ্গীতে যমুনা অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে চেরাগ আলী এলাকার ওই পোশাক কারখানায় ছাঁটাইকৃত ও নিয়মিত শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষে ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশের সদস্যরা (টঙ্গী জোন) ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কারখানা ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আহতরা হলেন- রুহুল আমিন (৫০), অজয় কর (৪৮), বাদল হোসেন (৪৫), ফাহিমা (৩০), আশরাফুল আলম (২৫), রুমা (২৬), শাহাদাত (৪০) ও বিথী রাণী সাহা (৪০)। তারা টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

শ্রমিকরা জানান, যমুনা অ্যাপারেলস লিমিটেডে প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক কাজ করেন। গত ২২ এপ্রিল কারখানা কর্তৃপক্ষ ১১৬ শ্রমিককে ছাঁটাই করে তাদের পাওনা বুঝিয়ে দেন। এরপর থেকে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে নিয়মিত শ্রমিকরা কাজ বন্ধ করে আন্দোলন করে আসছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে নিয়মিত শ্রমিকরা ফের কাজে যোগ দিতে আসলে ছাঁটাইকৃত শ্রমিকরা এতে বাধা দেন। এতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছাঁটাইকৃত ও নিয়মিত শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশের (টঙ্গী জোন) একদল সদস্য ঘটনাস্থলে পৌঁছে দুটি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে সংঘর্ষে আহতরা বিচারের দাবিতে টঙ্গী পূর্ব থানার সামনে অবস্থান নেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ইসমাইল হোসেন বলেন, উত্তেজিত শ্রমিকদের দুটি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন