কালিয়াকৈর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

কালিয়াকৈর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহন সার্ভিসের একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির ইঞ্জিনসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ ও অভ্যন্তরীণ সাজসজ্জা পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, আনোয়ার মেম্বারের মালিকানাধীন রাজধানী পরিবহন সার্ভিসের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৫১২৩) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাসস্ট্যান্ডে পার্কিং অবস্থায় ছিল। এ সময় হঠাৎ বাসটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও পরিবহন শ্রমিকরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটির ইঞ্জিন, বৈদ্যুতিক সরঞ্জাম ও অভ্যন্তরের ডেকোরেশন পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো সামনের অংশে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দ্রুত চেষ্টায় আগুনের বিস্তার রোধ করা সম্ভব হলেও বাসটির বড় ধরনের ক্ষতি হয়েছে।

পরিবহন শ্রমিক রহিম মিয়া বলেন, ‘গাড়িটি স্ট্যান্ডে পার্কিংয়ে ছিল। কীভাবে আগুন লাগল, তা বুঝতে পারছি না।’

গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসীম উদ্দিন বলেন, ‘কোনো কারণ ছাড়াই আনোয়ার মেম্বারের গাড়িতে আগুন লাগতে পারে না। বিষয়টি শত্রুতামূলক কর্মকাণ্ডও হতে পারে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার চিন্তা করছি।’

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন