পাবনার চাটমোহরে দিনদুপুরে একটি দোকানের তালা ভেঙে ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। দিনের বেলায় ব্যস্ততম এলাকায় চুরির বিষয়টি নিয়ে ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, সোমবার বেলা ৩টার দিকে চাটমোহর পৌর সদরের মির্জা মার্কেট এলাকার তামিম জুয়েলার্সে তালা ভেঙে সাড়ে চার ভরি স্বর্ণ ও রুপার অলংকার চুরি করে নিয়ে যায় ছয় সদস্যের একটি চোরের দল। ওই সময় জুয়েলার্সের মালিক তৌহিদুল ইসলামসহ অন্যরা দুপুরের খাবার খেতে বাইরে ছিলেন।
তামিম জুয়েলার্সের মালিক তৌহিদুল জানান, আমি বাইরে থেকে ১০ মিনিট পর দোকানে এসে দেখি আমার দোকানের তালা ভাঙা, সিন্দুক ভাঙা। চোরেরা আমার দোকানে থাকা ১২ লক্ষাধিক টাকার সোনা ও রুপা চুরি করে নিয়ে গেছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা গেছে ছয় সদস্যের একটি দল এই চুরির সঙ্গে জড়িত রয়েছে। আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ‘
এদিকে একাধিক ব্যক্তির সঙ্গে আলাপকালে জানা গেছে, তামিম জুয়েলার্সের দক্ষিণ পাশে হৃদয় হোটেলে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পাবনা, বড়াইগ্রাম, গুরুদাসপুর, তাড়াশ, ভাঙ্গুড়া, ফরিদপুরসহ বিভিন্ন এলাকার অসংখ্য অপরিচিত মানুষের আসা-যাওয়া রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানান, এই চুরির ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৭ রমজান ইফতারের আগমুহূর্তে পৌর সদরের দোলবেদীতলার সন্দ্বীপ জুয়েলার্সে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ডাকাতের দল অস্ত্রের মুখে ৬০-৭০ ভরি স্বর্ণালংকার লুট করে মাইক্রোবাসযোগে পালিয়ে যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

