মাদারীপুরের রাজৈরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার রাজৈর উপজেলার বৌলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মহাসড়কে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাব্যাপী বন্ধ থাকে যানবাহন চলাচল। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে মাদারীপুর যাচ্ছিল রাহমা ক্লাসিক নামে একটি লোকাল যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় আসলে বরিশাল থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় দুই শিশুসহ অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

