জিয়াউর রহমানের হাত ধরে কৃষিতে জাগরণ শুরু হয়

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

জিয়াউর রহমানের হাত ধরে কৃষিতে জাগরণ শুরু হয়

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের কৃষিতে নবজাগরণ শুরু হয়। তিনিই প্রথমে কোদাল-কাস্তে নিয়ে জমিতে নামেন এবং খাল খনন কর্মসূচি চালুর মাধ্যমে কৃষির অগ্রযাত্রা শুরু করেন, যার মাধ্যমে কৃষিতে নতুন সূচনা তৈরি হয় এবং এগিয়ে যেতে শুরু করে। তারই প্রেক্ষাপটে তার ছেলে আজ দেশের প্রধানমন্ত্রী হয়ে পুনরায় খাল খনন শুরু করেন এবং কৃষি ও কৃষকের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তার দায়িত্ব শুরু করেছেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছেন। এভাবেই কৃষি ও কৃষকের সমৃদ্ধিতে কাজ করে যাবে সরকার।

বিজ্ঞাপন

শনিবার সকালে পাকুন্দিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিনা মূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাকুন্দিয়ার ইউএনও রুপম দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরে-ই-আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন, আবদুছ সাত্তার পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি করে ধানবীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন