‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় কর্মসূচি। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয় জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক)।
মৎস্য উৎপাদন, হ্যাচারি, রপ্তানি, গবেষণা, সংরক্ষণ ও তরুণ উদ্যোক্তা—মৎস্য খাতের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিতদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
মাছের রেণু উৎপাদন ক্যাটাগরিতে যশোরের ন্যাশনাল ফিশ হ্যাচারি, পোনা উৎপাদনে নোয়াখালীর আলাউদ্দিন ফিশারিজ, দেশীয় ছোট মাছ উৎপাদনে নেত্রকোনার এম. এ. হাশেম অ্যাগ্রো ফার্ম, কার্পজাতীয় মাছ উৎপাদনে ফেনীর ডা. আশরাফ ফিশারিজ এবং পাঙাশ, তেলাপিয়া ও কই মাছ উৎপাদনে বগুড়ার জি. এম. মৎস্য খামার পদক লাভ করেছে।
গলদা, বাগদা ও দেশীয় অন্যান্য প্রজাতির চিংড়ি উৎপাদনে পটুয়াখালীর থ্রি স্টার গলদা হ্যাচারি ও সাতক্ষীরার লিটু মৎস্য খামার এবং মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানিতে খুলনার টোটালফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড ও সাতক্ষীরার একোয়া ম্যাক্স লিমিটেডকে পুরস্কৃত করা হয়।
মৎস্য সম্পদ গবেষক ও বিজ্ঞানী ক্যাটাগরিতে যৌথভাবে জাতীয় মৎস্য পদক পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সগির আহমেদ।
এ ছাড়া মৎস্য আবাসস্থল সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নীলফামারীর কুন্ডল মৎস্যজীবী সমবায় সমিতি, মৎস্য সম্পদ উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠী ক্যাটাগরিতে মো. শাহজাহান এবং যুব উদ্যোক্তা ক্যাটাগরিতে নাটোরের মো. মনিরুজ্জামান মুন্না জাতীয় মৎস্য পদক অর্জন করেন।
পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার বিতরণের পর পদকপ্রাপ্তদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ফটোসেশনে অংশ নেন। এ সময় কয়েকজন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি তাদের অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

