গাজীপুরের টঙ্গীবাজার এলাকায় ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র মাহফুজুর রহমানকে (২১) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর সদস্যরা। শনিবার টঙ্গীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) সালমান নূর আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাফসান জানি রাহাত (২৮), রাশেদুল ইসলাম (২০), কাওছার আহম্মেদ পলাশ (২৩) ও রাকিব ইসলাম (২৬)।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর ঘটনার অনুসন্ধানে কোন ক্লু ছাড়াই র্যাবের একটি চৌকস আভিযানিকদল ছায়া তদন্ত শুরু করে । ভিকটিম মাহফুজের মোবাইল ফোনের সূত্র ধরে চোরাই মোবাইল ব্যবসায়ী রাকিব ইসলামকে শনিবার গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্য মতে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তারের আওতায় আনা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি সুইচ গিয়ার চাকু, ৫টি মোবাইল ফোন জব্ধ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাবের ওই কর্মকর্তা জানান।
গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আব্দুল্লাহপুর-টঙ্গীবাজার বিআরটি উড়াল সড়কের র্যাম্প দিয়ে সেনাকল্যাণ ভবনের দিকে আসার সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ব্লু ফ্যাশন পোশাক কারখানার শ্রমিক মাহফুজুর রহমানকে ছিনতাইকারীরা তার ডান পায়ের উরুতে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

