গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়।

বিজ্ঞাপন

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান মো. হামিদুল হক বাবলু, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ। এ সময় বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী মাধ্যম। এককভাবে যে কাজ করা অনেকের পক্ষে কঠিন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় তা সহজেই বাস্তবায়ন করা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, সমবায়ের মূল শক্তি হলো ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। দেশের উন্নয়নকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সমবায়ের বিকল্প নেই। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, সম্ভাবনা, সমস্যা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন