কালিহাতীতে কী ‘মধু’ বদলির আদেশ মানছে না প্রকৌশলী

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

কালিহাতীতে কী ‘মধু’ বদলির আদেশ মানছে না প্রকৌশলী

টাঙ্গাইলের কালিহাতী স্থানীয় সরকার অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরিফ হোসেন বদলি হলেও অফিসিয়াল দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। অপর দিকে প্রকৌশলী মো. সানোয়ার হোসেন যোগদান করেও দায়িত্ব না পেয়ে হতবাক। এ ঘটনায় স্থানীয়রা বলছেন কালিহাতীতে কী মধু বদলির আদেশ মানছে না প্রকৌশলী।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই সপ্তাহ আগে বদলির আদেশ হলেও এখন পর্যন্ত প্রকৌশলী চেয়ার না ছাড়ায় উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে।

জানা যায়, চলতি মাসের ৮ তারিখ একটি আদেশে কালিহাতী উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলায় বদলি করা হয়। ভূঞাপুর উপজেলা প্রকৌশলী মো. সানোয়ার হোসেন কালিহাতীতে বদলি করা হয়। সানোয়ার হোসেন ১২ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট যোগদান করেন। একই ভাবে ১৩ এপ্রিল আরিফ হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলায় যোগদান করলেও দায়িত্ব বুঝিয়ে দিতে টালবাহানা করছেন । এতে অফিসের দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।

অভিযোগ রয়েছে, আরিফ হোসেন চলতি অর্থ-বছরে কালিহাতী পারখী সড়কের ৪০০০মিটার সার্পোটিং ব্রীজ প্রকল্পের কাজ পান তরফদার এন্টারপ্রাইজ। মাত্র ৩০মিটার ব্রীজ নির্মাণ করেই তরফদার এন্টারপ্রাইজকে ৬২ লাখ টাকা অগ্রীম বিল দেওয়া হয়েছে।

এ ছাড়াও সুরুজ ধলাপাড়া সড়কে কার্পেটিং করার পরপরই দুই কি.মি. এলাকাজুড়ে ফাটল দেখা দিয়েছে। কাজের মান নিয়ে অনিয়মের প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে সানোয়ার হোসেন বলেন, বদলি আদেশ হওয়ার পর পরই নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে সংযুক্ত হয়েছি। কিন্তু দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে।

এ বিষয়ে আরিফ হোসেন বলেন, চকরিয়া উপজেলা প্রকৌশলী সৌরভ দাশের পদন্নতি হওয়ায় তিনি দায়িত্ব বুঝিয়ে দিতে সময় নিচ্ছেন। তিনি সরে গেলেই আমি কালিহাতীর দায়িত্ব নতুন প্রকৌশলীকে বুঝিয়ে দিব। এ সময় তিনি ঘুষ গ্রহণের বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, কালিহাতী উপজেলা প্রকৌশলীর যোগদান নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আশা করছি সামনের সপ্তাহে জটিলতা দূর হয়ে যাবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন