গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে এক শিশুসহ আরো তিনজন।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ও সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ও কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্পের সুমন মিয়ার মেয়ে মহিমা খানম (৭), একই উপজেলার শুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামের রকিবুল মোল্যার ছেলে মোটর সাইকেল চালক পারভেজ মোল্যা (১৯) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালিনগর গ্রামের সুবর্ণ বিশ্বাসের মেয়ে সেজুতি বিশ্বাস (৮)।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান জানান, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালিনগর গ্রামের সুবর্ণ বিশ্বাস তার পরিবার নিয়ে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে স্নানোৎসবে আসেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্নানে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে আড়ুয়াকান্দি এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মোটর সাইকেল শিশু সেঁজুতিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই শিশু মারা যায়। এ ঘটনায় মোটর সাইকেলটি জব্দ করেছে পুলিশ।
অপরদিকে, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা: আশেকুর রহমান জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে মোটর সাইকেলের সাথে ব্যাটারি চালিত একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল চালক পারভেজ মোল্যা মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত-চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইজিবাইকের ২ যাত্রী আহত হন।
অন্যদিকে, গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাসুদ খান জানিয়েছেন, আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় একটি মোটর সাইকেলরক পিছন দিক থেকে একটি বাস ধাক্কায় দেয়।
এসময় মোটর সাইকেলাট নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক পারাপাররত দুই শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মহিমা খানম (৭) নিহত হয় এবং মীম খানম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার গোপালগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসে। গুরুতর আহতাবস্থায় মীম খানমকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

