মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ (ফ্ল্যাগপোল) ‘চির উন্নত বিজয় নিশান’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে নবনির্মিত এ পতাকাস্তম্ভের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
১২০ ফুট উচ্চতার এ পতাকাস্তম্ভটি বর্তমানে দেশের সর্বোচ্চ হিসেবে বিবেচিত। এতে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬ দশমিক ৮ ফুট। সংশ্লিষ্ট সূত্র জানায়, একাডেমি প্রাঙ্গণে স্থাপিত এ সুউচ্চ স্তম্ভে উত্তোলিত পতাকার নাম ‘চির উন্নত বিজয় নিশান’, যা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মহান মুক্তিযুদ্ধের চিরন্তন প্রতীক হিসেবে জাতির গৌরবগাঁথা বহন করে।
একাডেমি প্রাঙ্গণে উড্ডীয়মান জাতীয় পতাকা প্রশিক্ষণরত সদস্যদের মধ্যে জাতীয় চেতনা, ঐক্য ও আত্মমর্যাদাবোধ জাগ্রত করবে এবং দেশের সেবায় আত্মনিয়োগের অঙ্গীকারকে আরো দৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে এ আয়োজন বাহিনীর দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধকে নতুন উদ্দীপনায় উজ্জীবিত করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী হিসেবে জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ বাহিনীর প্রায় ৫ লাখ ৭০ হাজার সদস্য দায়িত্ব পালন করেছেন, যা সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সর্বাধিক।
তিনি আরো বলেন, আজ মহান ভাষা শহীদদের স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদ আব্দুল জব্বার এ বাহিনীর একজন গর্বিত প্লাটুন কমান্ডার ছিলেন। ভাষার মর্যাদা রক্ষায় তার আত্মত্যাগ বাহিনীর প্রতিটি সদস্যের জন্য দেশপ্রেম ও আত্মত্যাগে অনুপ্রেরণার উৎস।
মহাপরিচালক উল্লেখ করেন, একাডেমিতে স্থাপিত ‘চির উন্নত বিজয় নিশান’ কেবল একটি স্থাপনা নয়; এটি জাতির অগ্রযাত্রা, আত্মত্যাগ ও শৌর্যের দৃশ্যমান স্মারক। এটি গৌরবময় ইতিহাস ও দায়িত্বশীল ভবিষ্যতের প্রতীক হিসেবেও বিবেচিত হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার শপথে উদ্বুদ্ধ করবে এ পতাকা। পাশাপাশি একাডেমির চলমান উন্নয়ন কার্যক্রম, প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন, শৃঙ্খলা সুদৃঢ়করণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাহিনীকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্ষম করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ও উপ-মহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

