নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধ ও রাস্তার পাশের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে মিজান মিয়া (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়া ওই গ্রামের সফুর উদ্দিনের ছেলে। তিনি বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন।
একই এলাকার সুন্দর আলীর ছেলে শহীদুল্লাহ (৬৫) বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি, এবং তার ছেলে জীবন মিয়া এ ঘটনায় জড়িত।
নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি একাধিকবার সালিশে উঠলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, শনিবার দুপুরে রাস্তার পাশের একটি গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শহীদুল্লাহ ও তার ছেলে জীবন লাঠি দিয়ে মিজান মিয়ার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান জানান, মিজান মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
এ বিষয়ে মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

