গাজীপুরে দুই কারাবন্দির মৃত্যু

গাজীপুরে দুই কারাবন্দির মৃত্যু

গাজীপুরে দুটি কারাগারে দুই বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন জেলা কারাগার ও আরেকজন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মারা যান।

জেলা কারা সূত্র জানায়, মঙ্গলবার ভোরে কারাগারের একটি সেলে বন্দি থাকা অবস্থায় কম্বল পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালান ওমর ফারুক। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু পরিস্থিতির অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

বিজ্ঞাপন

এদিকে, সোমবার রাতে বুকের ব্যথা অনুভব করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দুলাল। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্র জানায়, ২০১৯ সালের একটি মামলায় ফারুকের দুই বছরের কারাদণ্ড দেয় আদালত। চলতি বছরের ২৫ জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন তিনি।

গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, ফারুকের মৃত্যুর ঘটনায় ঢাকা ডিআইজির (প্রিজন) নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন