কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় আরিয়ান সাব্বির (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার পাটয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের বাবর আলী মার্কেটের সামনের রাস্তায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
নিহত আরিয়ান সাব্বির উপজেলার মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। সে কিশোরগঞ্জ ওয়ালীনেওয়াজ খান কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালাচ্ছিলেন আরিয়ান সাব্বির। মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরিয়ান সাব্বির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরিয়ান সাব্বিরকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তার লাশ হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

