মাদারীপুরের শিবচরে ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রোববার ভোরে উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- বাগেরহাটের ভাণ্ডারখোলা এলাকার শাহজাহান শেখের ছেলে বশির শেখ, নগরকান্দি এলাকার কবির শেখের ছেলে রাজু শেখ, বাগেরহাটের মোল্লারহাটের কাচনা এলাকার সিরাজ মীরের ছেলে সোহরাব মীর ও নুরু মীরের ছেলে মেহেদী মীর।
শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, ভোরে অ্যাম্বুলেন্সে চড়ে চারজন লোক আসেন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের নাম-পরিচয় জানতে চান স্থানীয় লোকজন। একপর্যায়ে অসংলগ্ন কথাবার্তাসহ স্থানীয়দের ছুরিকাঘাতের চেষ্টা করেন তারা। পরে ডাকাত সন্দেহে তাদের গণপিটুনি দেওয়া হয়।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের কাছে ছুরি পাওয়া গেছে। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

