প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জামায়াত নেতা আযাদের

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জামায়াত নেতা আযাদের

বাংলাদেশের প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচ এম হামিদুর রহমান আযাদ।

শনিবার শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শরীয়তপুর জেলা শাখা।

বিজ্ঞাপন

ড. আযাদ বলেন, দেশের এমন কোনো ঘর থাকা উচিত নয় যেখানে ইসলামের দাওয়াত পৌঁছাবে না। দাওয়াতি কার্যক্রম, নামাজ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, ইসলামের দাওয়াত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া শুধু সাংগঠনিক দায়িত্ব নয়, বরং একজন মুমিনের নৈতিক ও ধর্মীয় কর্তব্য। সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের আদর্শ ছড়িয়ে দিতে হবে।

জামায়াতের এ নেতা আরও বলেন, দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় হতে হবে। মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ানো এবং অসহায়দের সহযোগিতার মাধ্যমে ইসলামের কল্যাণময় দিক তুলে ধরার আহ্বান জানান তিনি।

শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবদুর রব হাশেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল মান্নান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর জেলা আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দিন, ফরিদপুর অঞ্চল টিম সদস্য অ্যাডভোকেট আজমল হোসেন এবং মাওলানা আব্দুস সুবহান খান।

এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও শিক্ষাবিদ ড. মোশাররফ হোসেন মাসুদ এবং জেলা নায়েবে আমির কেএম মকবুল হোসাইন।

জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের রুকনরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সংগঠনের আদর্শিক ও সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের গুণাবলি, নৈতিকতা, দাওয়াতি কার্যক্রমের সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা আত্মশুদ্ধি, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন