আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈদ উপলক্ষে বাবুরহাটে বেচাকেনায় ধুম, দাম চড়া

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী

ঈদ উপলক্ষে বাবুরহাটে বেচাকেনায় ধুম, দাম চড়া

ঈদ আসছে। সর্বত্রই চলছে প্রস্তুতি। পবিত্র রমজান মাস শেষেই মুসলমানদের উৎসবের দিন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন স্থানে জমে উঠেছে ঈদ বাজার। মুসলিম নর-নারীরা ঈদের নতুন পোশাক কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছেন। তাই প্রাচ্যের ম্যানচেস্টারখ্যাত নরসিংদীর বাবুরহাট পাইকারি বাজারে কাপড় কেনাকাটায় ধুম পড়েছে।

দেশের কাপড়ের চাহিদার প্রায় সিংহভাগ পূরণের পরও বিদেশে রপ্তানি হয়ে থাকে নরসিংদীর সেখেরচর বাবুরহাটের কাপড়। শত বছরের ঐতিহ্যবাহী এ হাটকে ঘিরে আশপাশ এলাকায় গড়ে উঠে কয়েক শতাধিক টেক্সটাইল কারখানা। সেসব কারখানায় তৈরি হয় শাড়ি, লুঙ্গি, বেডশিট, গামছা, থান কাপড়, মশারি থেকে শুরু করে সব ধরনের কাপড়। কাপড় তৈরি শেষে তা বাবুরহাটে সাধারণত সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এ তিন দিনে কেনাবেচা হয় দুই থেকে আড়াইশ কোটি টাকার মতো। আর রমজানের ঈদকে ঘিরে তিন দিনে সেই বিক্রি দাঁড়ায় হাজার কোটিতে। এ বাবুরহাটের কাপড় গুণেমানে ও সুলভ মূল্যে চাহিদামতো পাওয়ায় দেশের সব জেলা থেকে ব্যবসায়ীরা ছুটে আসেন। তাই রমজানের শুরু থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বেচাকেনায় ব্যস্ত সময় পার করেন ব্যবসায়ীরা। এ সময়টাতে ব্যবসায়ীদের যেন দম ফেলার সময় নেই। বিক্রেতাদের মতে অতীতের যেকোনো সময় থেকে এবার বেচাবিক্রি ভালো। তাই ব্যবসায়ীদের মুখেও হাসি। তাদের মতে দেশের ৭০ ভাগ দেশি খুচরা কাপড়ের চাহিদা মেটায় ঐতিহ্যবাহী শেখেরচর বাবুরহাটের কাপড়। পাইকারি ও খুচরা শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস থেকে শুরু করে রোমাল, মাথার টুপি থেকে পায়ের মোজা- সবই পাওয়া যায় এ হাটে। দেশের সবচেয়ে বড় হাট বাবুরহাট ঈদকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে। দেশের দূরদূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হাটের প্রতিটি অলিগলি। দম ফেলার যেন সময় নেই কাপড় কেনাবেচার সঙ্গে জড়িতদের। সাশ্রয়ী দামে মানসম্মত কাপড় পাওয়ায় পাইকারি ক্রেতাদের পাশাপাশি খুচরা ক্রেতারাও হাটে ভিড় জমাচ্ছেন। ক্রেতাদের সমাগম বাড়ায় ব্যবসায়ীরাও ব্যস্ত সময় পার করছেন। তাই খুশি হাটের ছোটবড় সব ব্যবসায়ীরা। কাপড়ের জন্য খ্যাতি বাবুরহাটে ক্রেতাদের চাহিদা মেটাতে বাহারি ডিজাইনের তৈরি শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, বেডশিট, পর্দা, গামছাসহ নানা পোশাকের পসরা সাজিয়ে বসেছেন হাটের প্রায় পাঁচ হাজারের মতো দোকানি। পাইকারি ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে হাটের অলিগলি।

বিজ্ঞাপন

গাজীপুরের কাপাশিয়া থেকে বাবুরহাটে কাপড় কিনতে আসা নারী উদ্যোক্তা আফিয়া বেগম জানান, নরসিংদীর শেখেরচর বাবুরহাট কাপড়ের জন্য সবচেয়ে জনপ্রিয়, কারণ এক বাজারে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস, বেডশিট, পর্দা ও গামছাসহ সব ধরনের কাপড় এক জায়গাতেই সুলভ মূল্যে পাওয়া যায়। তাই আমাদের কাছে প্রথম পছন্দ বাবুরহাটের কাপড়।

বাজারের অন্যতম পাকিজা ফেব্রিক্স কালেকশনের উপব্যবস্থাপক মো. আলমগীর হোসেন জানান, এবার দেশের পরিস্থিতি বিগত দিনের থেকে ভালো হওয়ায় পাইকারি ক্রেতারাও নিরাপত্তাবোধ করে হাটে আসছেন এবং তাদের চাহিদামতো কাপড় নিয়ে যাচ্ছেন। এবার রমজানের প্রথম সপ্তাহে সব থেকে বেশি কাপড় বিক্রি হয়েছে। সেই সময়টাতে বাজারে পা ফেলার সময় ছিল না। এখন দিন যাচ্ছে আর পাইকারি কাপড়ের বেচাকেনা কমে আসছে। এবার ঈদকে কেন্দ্র করে কাপড়ে কিছুটা বৈচিত্র্য আনা হয়েছে। আর এবার কাপড়ের দামও খুব বেশি বাড়ানো হয়নি।

সেখেরচর (বাবুর হাট) বাজার বণিক সমিতির সভাপতি মো. বোরহান উদ্দিন জানান, প্রাচ্যের ম্যানচেস্টারখ্যাত বাবুরহাট শুধু বাংলাদেশ নয়, এশিয়ার সেরা কাপড়ের বাজার। এ বাজারে নিশ্চিত নিরাপত্তা ও সুলভ মূল্যে কাপড় কিনতে পেরে দেশের সব জেলার মানুষ এখানে কাপড় কিনতে আসেন। এ বছর নতুন সরকার গঠিত হওয়ায় দেশের আইনশৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রণে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে এ হাটের বেচাকেনা। কেননা, দেশের বড় বড় ব্যবসায়ীরা কোটি কোটি টাকার মালামাল বেচাকেনা করেন। নিরাপত্তা না থাকলে তো দূরের ব্যবসায়ীরা আসবে না। এ হাটে ঈদ ছাড়া সপ্তাহে বিক্রি হয় দুই থেকে আড়াইশ কোটি টাকার মতো। আর রমজানকে ঘিরে সপ্তাহের তিন দিনে বেচাকেনা হয় হাজার কোটি টাকার উপরে। ঈদকে ঘিরে জেলা প্রশাসন, পুলিশের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য নিয়মিত তদারকি করছেন।

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মোহাম্মদ আল-আমিন রহমান জানান, এ বাবুরহাটের কাপড় শুধু দেশেই নয়। বিদেশেও যাচ্ছে এখানকার শাড়ি, লুঙ্গি ও থানকাপড়। এখানকার কাপড় গুণেমানে সমৃদ্ধ হওয়ায় সারা দেশে এখানকার কাপড়ের চাহিদা রয়েছে। তবে এ বাজারের সংস্কার প্রয়োজন। অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়। আগুন লাগলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়। যার জন্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন