সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৮ জনের মধ্যে রিকশাচালক মো. হান্নান (৪০) ও দেড় বছরের শিশু সুমাইয়ার পর শিশুটির মা রুপালীও (২০) মারা গেছেন। রোববার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় তার। এ নিয়ে অগ্নিদগ্ধের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।

বিজ্ঞাপন

এর আগে শনিবার রাত সোয়া ১টায় হান্নান এবং সুমাইয়া সকাল ১০টায় জাতীয় বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত হান্নানের শরীরের ৪৫ শতাংশ, শিশু সুমাইয়ার ৪০ শতাংশ এবং রুপালীর ৩৪ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

নিহত হান্নানের স্ত্রী পোশাক শ্রমিক নুরজাহান আক্তার লাকী (৩০), মেয়ে জান্নাত (৩) ও সামিয়া (৯), ছেলে সাব্বির (১৬) এবং নিহত রুপালীর স্বামী ও শিশু সুমাইয়ার বাবা পোশাক শ্রমিক সোহাগ (২৩) এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হান্নানের আত্মীয় (স্ত্রীর ভাই) আনোয়ার হোসেন জানান, ‘হান্নানের দুই মেয়ে সামিয়া ও জান্নাত কিছুটা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু লাকি আর সাব্বিরের কন্ডিশন ভালো না।’

সুমাইয়ার চাচা রুবেল আলী জানান, সুমাইয়ার বাবারও অবস্থা আশঙ্কাজনক। বাড়িওয়ালা তাদের দেখতে না এসে মামলা করতে নিষেধ করছেন এবং মিমাংসা করতে বলছেন।

এর আগে গত সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় সিদ্ধিরগঞ্জের পশ্চিম ধনকুন্ডা মধুগড় এলাকায় আমেনা ভিলা নামে ইব্রাহিম খলিলের টিনসেড বাসার দুটি কক্ষে গ্যাসের পাইপের লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুনে দুই পরিবারের নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন