গাজীপুরের টঙ্গীতে উল্টোপথে প্রাইভেটকারকে যেতে বাঁধা দেওয়ায় পুলিশের তিন সদস্যকে পিটিয়ে আহত করেছেন কয়েকজন যুবক। মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-ট্রাফিক সার্জেন্ট শাহজালাল হোসাইন, ইমরান তালুকদার ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম। ঘটনার পর আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় রাতেই পুলিশ কাজী শাহীন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করলেও অন্যান্যরা পালিয়ে যায়। কাজী শাহীন টঙ্গীর গাজীপুরা এলাকার নজরুল ইসলামের ছেলে।
বুধবার দুপুরে পুলিশ বাদী হয়ে কাজী লাবিব (২৩), পিয়াস (২৪), কাজী শাহীন (২৫), ইব্রাহিম (২২), নিলয়সহ (২০) নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১-২ জনের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

