টঙ্গীতে মাদক সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত

টঙ্গীতে মাদক সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত
ছবি: আমার দেশ

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে মারুফ হোসেন (৩০) নামে স্থানীয় এক সাংবাদিক। তিনি দৈনিক ইনকিলাবের মাল্টিমিডিয়া বিভাগের টঙ্গী প্রতিনিধি।

শুক্রবার সকাল ৯টার দিকে টঙ্গীর এরশাদ নগর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, সাংবাদিক মারুফ হোসেন তথ্য সংগ্রহের জন্য সকালে এরশাদনগর বেড়িবাঁধ এলাকায় যান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী মো. সোহান (৩০), মো. সেলিম (৫৫) ও হাসানসহ (২৫) তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

তার ডাক চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সন্ত্রাসীদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন