কোটালীপাড়ায় চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক অংকন তালুকদার আটক

কোটালীপাড়ায় চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক অংকন তালুকদার আটক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জিজিএফআই-এর নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক অংকন তালুকদারকে আটক করেছে যৌথবাহিনী (সেনাবাহিনী ও পুলিশ)।

শনিবার দুপুরে উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি কোটালীপাড়ার রামশীল গ্রামের অশোক তালুকদারের ছেলে।

বিজ্ঞাপন

গ্রেপ্তার অংকন তালুকদারের বিরুদ্ধে ডিজিএফআই-এর নাম ও পরিচয় ব্যবহার করে সাধারণ নাগরিকদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ দাবির অভিযোগ রয়েছে। বছরখানেক আগে তাকে চাঁদাবাজির অভিযোগে ডেইলি অবজারভার পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি পদ থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে কখনো ডিজিএফআই-এর সদস্য, আবার কখনো তাদের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট চাঁদা দাবি করতেন। গত ১৭ এপ্রিল তিনি এক ভাঙারি ব্যবসায়ীর নিকট ডিজিএফআই ও এনএসআই-এর তথ্য থাকার দাবি করে চাঁদা দাবি করেন। একইভাবে রাধাগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচির নিকট তার বিরুদ্ধে ‘ডিজিএফআই-এর কাছে তথ্য আছে’ বলে ভয় দেখিয়ে টাকা আদায় করেন।

ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই শেষে যৌথবাহিনী সাংবাদিক অংকনকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোটালীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার এস.আই মামুনুর রশিদ।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন