নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগামী দিনের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় শুরু হয়েছে পূবালী ব্যাংক পিএলসির দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন। বুধবার এ উপলক্ষে সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে র্যালি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ক্যাশলেস লেনদেনের পরিধি বিস্তার এবং ‘বাংলা কিউআর’-এর সহজ ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ শাখার প্রধান মোহাম্মদ খায়রুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল রিলেশনশিপ ম্যানেজার মো. সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সোনিয়া জাহান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবু মার্কেট শাখার ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান, টানবাজার শাখার ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান ভূঁইয়া এবং ফতুল্লা শাখার ব্যবস্থাপক লায়লা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিদ্ধিরগঞ্জ শাখার অপারেশন ম্যানেজার গাজী মো. শহীদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে মো. সালাউদ্দিন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল আর্থিক লেনদেনের বিকল্প নেই। বাংলা কিউআর চালুর ফলে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহকেরা একটি কিউআর কোড ব্যবহার করে দ্রুত, সহজ ও নিরাপদে অর্থ লেনদেন করতে পারবেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

