শাপলা দেখতে গিয়ে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

শাপলা দেখতে গিয়ে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া বিলে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টায় উপজেলার কোক ইউনিয়নের পাঁচুয়া বাউনপাড় বিল সংলগ্ন বন্দে আলী হাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, নিহতদের একজন গাজীপুরের শ্রীপুরের টেংরা টেপির বাড়ির নুরু আলম শেখের পুত্র নবম শ্রেণির শিক্ষার্থী মাহিম শেখ (১৬) এবং অন্যজন ময়মনসিংহের ভালুকা থানার স্কয়ার মাস্টার বাড়ি এলাকার বায়েজিদ (৩৫)। সে ওই এলাকার ব্যবসায়ী ফরহাদ উদ্দিনের একমাত্র পুত্র।

প্রত্যক্ষদর্শী এলাকার শরীফ মিয়া জানান, শুক্রবার সকাল ৮ টার দিকে মোটরসাইকেল যোগে পাঁচ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে ওই বিল এলাকায় আসেন। সেখানে একটি ছোট নৌকা ভাড়া করে পানিতে নামেন তারা। নৌকায় চড়ে বন্ধুরা টেনে টেনে শাপলা ফুল তুলতে থাকে। অসাবধানতাবশত ছোট্ট নৌকাটি উল্টে যায়। এসময় ভারসাম্য রক্ষা করতে না পেরে সবাই নৌকার নীচে পড়ে যায়। একপর্যায়ে দুজন পানিতে তলিয়ে যান।

স্থানীয়রা অনেক চেষ্টা করে তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামিয়া বলেন, দু'জনের মধ্যে নিহত একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

নিহত মাহিমের বড় ভাই মামুন জানান, আমি খবর পেয়ে ছুটে এসে দেখি আমার ভাই আর নেই। তার সঙ্গে থাকা বায়েজিদ নামে আরেকজনও মারা গেছেন।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, বেড়াতে এসে নৌদুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ছাবেদ আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বায়োজিদ নামে একজনের মরদেহ উদ্ধার করেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...