ভাঙ্গায় তিন গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ভাঙ্গায় তিন গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা-এর হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুনসুরাবাদ, খাপুরা ও সিংগারিয়া গ্রামের তরুণরা ফুটবল খেলার আয়োজনকে কেন্দ্র করে মাইকিং শুরু করলে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে তিন গ্রামের লোকজন।

বিজ্ঞাপন

সংঘর্ষের সময় দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ মুনসুরাবাদ বাজারের দুই প্রান্তে অবস্থান নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে ভাঙ্গা-মাওয়া-খুলনা মহাসড়ক-এর একটি অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে খাপুরা ও মাঝিকান্দা গ্রামের লোকজন মুনসুরাবাদ বাজারের বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর চালায়।

হামলায় বাজার বণিক সমিতির সভাপতি জিন্না মাতুব্বরসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের মধ্যে দাঙ্গার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন