আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুরে মহাসড়কে যানজট, থেমে থেমে চলছে গাড়ি

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরে মহাসড়কে যানজট, থেমে থেমে চলছে গাড়ি

ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অন্তত কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ঘণ্টার পর ঘণ্টা আটকে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। গাড়ির বাড়তি চাপ ও যাত্রী ওঠানামা, এলোমেলো পার্কিং এবং উল্টো পথে অটোরিকশা চলাচল করায় এমন অবস্থা হয়েছে বলে জানিয়েছেন যানবাহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

এছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। রাতভর বৃষ্টির ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে কাদাময় অবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া এলোমেলো গাড়ি পার্কিং, রাস্তায় মানুষের ঢল ও সড়কের এক পাশে গাড়ি পার্কিং করায় রাস্তা সংকুচিত হয়ে গেছে। এতে স্বাভাবিক গতিতে চলছে না গাড়ি।

গাড়ির কয়েক গুণ বেশি চাপ ও মানুষের ভিড়ের কারণে কবিরপুর থেকে চন্দ্রা ও কালিয়াকৈর এবং আশপাশের এলাকায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির মন্থর গতি। চান্দনা চৌরাস্তায় সড়কের পাশে গাড়ি পার্কিং করায় সংকুচিত হয়ে গেছে রাস্তা। এছাড়া যাত্রী ওঠানামা করায় এই পয়েন্ট অতিক্রম করতে যানবাহনগুলোর সময় বেশি লাগছে । এতে এই অংশে বাসন সড়ক থেকে তেলিপাড়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অনেকে ঘণ্টার পর ঘণ্টা বিরম্বনার শিকার হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছান।

পুলিশ বলছে, বুধবার দুপুরের পর তৈরি পোশাক কারখানা ছুটি হওয়ায় একযোগে শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গাজীপুর ছাড়ছেন। ফলে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন ও ঘরমুখী মানুষের ভিড় ও জটলা দেখা গেছে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, স্বেচ্ছাসেবক এবং অন্যান্য সংস্থার লোকজন কাজ করছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, গাজীপুরের সব শিল্পকলা থানা আজ থেকে ছুটি হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি লক্ষাধিক শ্রমিক গাজীপুর ছেড়ে যাবে। এজন্য মহাসড়কে যাত্রীর সংখ্যা বেশি। এছাড়া গত রাতে বৃষ্টির কারণে রাস্তার খানাখন্দে পানি জমে থাকায় যানবাহন অনেকটা ধীরগতিতে চলছে। ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশনগুলোতে যাত্রী এবং যানবাহনের চাপ থাকায় সড়কজুড়ে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন