শ্রীপুরে আধা কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

শ্রীপুরে আধা কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ
ছবি: আমার দেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ঈদগাঁ মাঠ থেকে শ্রীপুর-বরমী পাকা সড়ক পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বুধবার সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কাদা ও পিচ্ছিল অবস্থার সৃষ্টি হয়। এতে করে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীরা প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, শুকনো মৌসুমে ধুলাবালি আর বর্ষায় কাদাপানিতে চলাচল একেবারেই কষ্টকর হয়ে পড়ে। অনেক সময় দুর্ঘটনাও ঘটে।

আরেক স্থানীয় বাসিন্দা হিমেল ফকির বলেন, বছরের পর বছর ধরে আমরা এই দুর্ভোগ সহ্য করছি। জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে।

স্কুল শিক্ষার্থী মাসুম রানা জানায়, প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যেতে খুব কষ্ট হয়। বৃষ্টির সময় কাদা মাড়িয়ে যেতে হয়, অনেক সময় পড়ে গিয়ে কাপড় নষ্ট হয়। আমরা দ্রুত এই রাস্তার সংস্কার চাই।

এ বিষয়ে বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মিয়া বলেন, সড়কটির সমস্যার বিষয়টি আমরা অবগত আছি। সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

শ্রীপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী তৌহিদুল হাসান বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে ইউএনওর কাছে আবেদন করলে খুব শিগগিরই সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা না হলে দুর্ভোগ আরও বাড়বে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন