ভৈরবে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রতিমন্ত্রীর সহায়তা বিতরণ

ভৈরবে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রতিমন্ত্রীর সহায়তা বিতরণ
ছবি: আমার দেশ

কিশোরগঞ্জের ভৈরবে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি।

সোমবার সকালে তিনি এসব সহায়তা পরিবারগুলোর হাতে তুলে দেন। সহায়তার মাঝে রয়েছে প্রতি পরিবারকে দুই বান করে ঢেউ টিন, ৩৬ হাজার করে টাকা এবং ১০ কেজি করে খাদ্যসামগ্রী।

বিজ্ঞাপন

সহায়তা বিতরণকালে তিনি বলেন, এই সহায়তাটি প্রাথমিক সহায়তা। আমি আজ ক্ষতি দেখে গেলাম। এই নিয়ে প্রধানমন্ত্রী ও ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলে ঘরগুলো পুনর্নির্মাণসহ আরও কী কী সহায়তা করা যায়, এর ব্যবস্থা করা হবে।

এই সময় তিনি আরও বলেন, বিএনপি সরকার জনগণের সরকার। তাই জরগণের যে কোনো বিপদে সরকার এবং দল দ্রুত সাড়া দিয়ে পাশে দাঁড়ায়।

এর আগে তিনি আগুনে পুড়ে যাওয়া ১৩টি বাড়ি-ঘর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক, মো. নূরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি হাজী শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর বৃহস্পতিবার রাতে ভৈরব পৌর এলাকার চন্ডিবের দক্ষিণ এলাকায় বৈদ্যতিক গোলযোগ থেকে আগুন লেগে একে একে ১৩টি ঘর সমস্ত মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। ফলে পরিবারগুলো হয়ে পড়ে নিস্ব।

সহায়তা বিতরণ শেষে প্রতিমন্ত্রী শরীফুল আলম ওই এলাকার হিন্দুপাড়ায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে অবকাঠামোগত উন্নয়ন কাজের উদ্বোধন করেন এবং গাছের চারা রোপণ করেন।

এ সময় পৌর প্রশাসক কেএম মামুনুর রশীদ, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন