কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পর ইবনে সিনা হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এ ঘটনায় রাতেই লিমন মিয়া (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
আহত শাহরিয়ার জামান রানা মেজর আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে এবং উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। আটক লিমন মিয়া একই ইউনিয়নের গচিহাটা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
আহত রানার ছোট ভাই সাব্বির জামান রনি জানান, বড় ভাইকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার খিঁচুনি শুরু হয়। দ্রুত তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হলে রাত ৩টার দিকে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এরপর নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়। সকালে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। মেজর (অব.) আখতারুজ্জামানের প্রতিষ্ঠিত গচিহাটা কলেজ মাঠে কয়েকজন যুবক ও কিশোর মাদক সেবন করছিল। এ সময় কলেজের পাশ দিয়ে বাজারে যাওয়ার পথে শাহরিয়ার জামান রানা তাদের মাদক সেবন করতে দেখে বাধা দেন এবং গালিগালাজ করে মাঠ ছেড়ে চলে যেতে বলেন।
এ সময় আফতাব উদ্দিন নামে এক কিশোর মাঠ থেকে চলে যেতে অস্বীকৃতি জানালে রানা তাকে চড়-থাপ্পড় মারেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে আফতাব বাড়িতে গিয়ে তার চাচা তাজুল ইসলাম ও এলাকার লোকজনকে বিষয়টি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে তাজুল ইসলাম ঘর থেকে একটি ছুরি নিয়ে কিছু লোকজনসহ গচিহাটা বাজারে রানাকে খুঁজতে থাকেন।
একপর্যায়ে চিত্রা ফার্মেসিতে বসে থাকা অবস্থায় তাজুল ইসলাম সেখানে ঢুকে রানার বুকের ডান হাতের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে লিমন নামে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-687bbc-720x405.webp)