ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সরকারি শামসুর রহমান কলেজের প্রভাষক আবু তাহের (৪২)। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আবু তাহের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচড়া এলাকার বাসিন্দা এবং মৃত সফিজউদ্দিন সরদারের ছেলে। তিনি সরকারি শামসুর রহমান কলেজে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক।
পরিবারের সদস্যরা জানান, প্রায় ১৫ দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন আবু তাহের। প্রথমে তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। সেখানে দুইদিন চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করেন। টানা চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার মৃত্যু হয়।
আবু তাহেরের শ্যালক মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে বাঁচানোর। ঢাকায় নিয়ে চিকিৎসা চলছিল। কিন্তু শেষরক্ষা হলো না। সে তিনটি ছোটো ছোটো সন্তান রেখে চলে গেলো। তার এই মৃত্যু আমাদের ভেঙে দিয়েছে।
প্রিয় সহকর্মীর মৃত্যুতে শোকাহত কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ বলেন, আবু তাহের ছিলেন একজন আন্তরিক ও সদালাপী শিক্ষক। সবসময় হাসিমুখে শিক্ষার্থীদের সঙ্গে থাকতেন। তার এই অসময়ে চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
এদিকে আবু তাহেরের মৃত্যুতে গোটা গোসাইরহাট উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

