ব্যবসায়ী হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

ব্যবসায়ী হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে মোতালেব নামের এক ইটভাটা ব্যবসায়ী হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া নবী নামের এক আসামিকে খালাস দিয়েছে আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ সময় অপর দুই আসামি পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ইসমাঈল (৪৪), রাজু (২২), সজীব (৩০), হাফিজ (২৬), তানজিল (২০) ও হোসাইন (২১)। দণ্ডপ্রাপ্ত সব আসামির বাড়ি বন্দর উপজেলার বিভিন্ন এলাকায়।

জানা যায়, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট মঙ্গলবার রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে ইটভাটা ব্যবসায়ী মোতালেবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ওই বছরের ১ সেপ্টেম্বর বুধবার নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। রাজু ও সজীব নামের দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম মাসুম সাংবাদিকদের জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকছুদা বলেন, এই রায়ে তিনি অসন্তুষ্ট। ন্যায়বিচারের দাবিতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন