নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। তিনি বলেছেন, ভুক্তভোগী নারীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
বৃহস্পতিবার সকালে খুলনা কালেক্টরেট চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ পথসভার আয়োজন করে।
জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, নারী নির্যাতন প্রতিরোধে প্রথমে নিজেকে সচেতন হতে হবে এবং পরে অন্যদের সচেতন করতে হবে। ভুক্তভোগী নারীদের ন্যায়বিচার নিশ্চিতে তাদের পাশে দাঁড়াতে হবে।
সমাজে প্রচলিত নেতিবাচক দৃষ্টিভঙ্গির সমালোচনা করে তিনি বলেন, নারীদের একঘরে করে রাখার মতো কিছু সামাজিক সংস্কার এখনো রয়ে গেছে, তবে সমাজে নারীদের খাটো করে দেখার কোনো সুযোগ নেই। প্রশাসন সবসময় নারীদের পাশে রয়েছে উল্লেখ করে তিনি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধ এবং তাদের সিদ্ধান্তকে সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করেন।
পথসভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কানিজ ফাতেমা লিজা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা।
এ ছাড়া বাংলাদেশ মহিলা পরিষদ, বেসরকারি উন্নয়ন সংস্থা মাসাস, তেজস্বী নারী উন্নয়ন সংস্থা, অভিযাত্রী এবং আঞ্জুমান সমাজকল্যাণ সংস্থাসহ ২৫টি নারী ও উন্নয়ন সংগঠনের নেত্রী ও প্রতিনিধিরা এ কর্মসূচিতে অংশ নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

