অন্ধত্ব হার মানাতে পারেনি, বাদাম বিক্রি করেই চলছে জুয়েলের জীবনসংগ্রাম

অন্ধত্ব হার মানাতে পারেনি, বাদাম বিক্রি করেই চলছে জুয়েলের জীবনসংগ্রাম

চোখে আলো নেই, তবুও জীবনের লক্ষ্য তার কাছে আয়নার মত পরিষ্কার। কারো কাছে মাথা নত না করে, হাত না পেতে মাথা উঁচু করে বেচে থাকার এক অনন্য নজির স্থাপন করেছে ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ৪০ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী জুয়েল ।

বিজ্ঞাপন

চোখে আলো না থাকলেও জীবন জীবিকার তাগিদে প্রতিদিন সকাল হলেই নিজ বাড়ি থেকে বাদাম ভর্তি খাঁচা আর হাতে লাঠি নিয়ে বেড়িয়ে পরেন।প্রতিদিন বিভিন্ন হাটে বাজারে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করে মা, স্ত্রী আর ১০ বছর বয়সী ছেলের অন্নসংস্থান করছেন তিনি।

জম্ম থেকে সুস্থ স্বাভাবিক জুয়েল মাত্র ৭ মাস বয়সে হাম ও টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে ধীরে ধীরে অন্ধত্ববরন করেন৷ ২ ভাই ২ বোনের সংসারে বোনদের বিয়ে হয়ে গেলে বড় ভাই আলাদা সংসার শুরু করেন।২০০৫ সালে জুয়েলের বাবা মারা গেলে জীবনের সাথে শুরু হয় এক কঠিন লড়াই। বৃদ্ধা মা, নিজের স্ত্রী, সন্তান আর নিজের জন্য খাবার সংগ্রহ করতে কারো কাছে হাত না পেতে নিজেই হকারি করে বাদাম বিক্রি শুরু করেন। কারো সাহায্য ছাড়া শুধু হাতে বাঁশের লাঠি, রাস্তার অনুমান,আর হৃদয়ের অনুভবে গত ২৫ বছর ধরে চেনা পথ তিনি পাড়ি দিয়ে বাদাম বিক্রি শেষে ফিরে আসছেন আবার নিজের ঘরে।

জুয়েল জানান,এভাবে হকারী করে তার প্রতিদিন ২০০ টাকা থেকে শুরু করে ৫/৬শত পর্যন্ত রোজগার হয়। যা রোজগার হয় তা দিয়েই ৪ জনের সংসার খরচ,ওষুধ,ছেলের লেখা পড়ার খরচ দিয়ে কোনমতে সংসার চলে। তাছাড়া তার প্রতিবন্ধী ভাতার কার্ড রয়েছে এটুকুই জীবন চলার ভরসা।

স্থানীয়রা বলেন, জুয়েল অন্ধ হলেও ছোটবেলা থেকে লাঠি নিয়ে একা চলাফেরা করতো। সে কখনো কারো কাছে সাহায্যের জন্য হাত পাতেনা। নিজে হকারি করে বাদাম বিক্রি করে সংসার চালায় এবং সে অন্ধ হলেও তার মায়ের অন্নসংস্থান সে নিজে করে,যদিও তার আরেকটি ভাই আছে।

সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর বলেন,পশ্চিম শ্যামপুরের দৃষ্টি প্রতিবন্ধী জুয়েল কে আমি চিনি। হকারি করে সে বাদাম বিক্রি করে। ওর নামে প্রতিবন্ধী ভাতা কার্ড রয়েছে, এছাড়া যেকোনো সাহায্য সহযোগীতার প্রয়োজন হলে ইউনিয়ন পরিষদ সেটা অগ্রাধিকার ভিত্তিতে দেখবে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন