টঙ্গীতে ফুটওভারব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

টঙ্গীতে ফুটওভারব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীদের ফুটওভারব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ।

গাজীপুরের টঙ্গীতে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন।

বিজ্ঞাপন

এতে সড়কের দুপাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শিক্ষার্থীরা জানান, শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আলী নিহত হয়। ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।

এর প্রতিবাদে রোববার বেলা ১১টা থেকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় ব্যানার ও স্লোগানের মাধ্যমে মাদরাসার সামনে একটি ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানান তারা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হন। এখানে একটি ফুটওভারব্রিজ নির্মাণ জরুরি। শনিবার রাতে আমাদের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাই আজ মহাসড়কে বিক্ষোভ করছি।’

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছে। তারা এখনো মহাসড়কে অবস্থান করছে। সড়ক ও জনপথ কর্মকর্তাদের খবর পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন