বাঁশখালীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২
নিহত বাহাদুর আলম ও নোমান। ছবি: আমার দেশ

চট্টগ্রামের বাঁশখালীতে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।

ঘটনাস্থলেই প্রাণ হারান কর্মস্থলে ফেরা যুবক বাহাদুর আলম (২৮) । চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নোমান (৩৫) নামে অপরজন। গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া গরুবাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাছবাহী পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাহাদুর আলম কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদাঘোনা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের আগ্রাবাদে একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

এ ঘটনায় নিহত নোমান মহেশখালী এলাকার জনৈক আবুল বশরের ছেলে। আহত দুজন হলেন—মাতারবাড়ী এলাকার মোজাম্মেল হকের মেয়ে মনি বেগম এবং চকরিয়ার বদরখালী এলাকার আবুল হোসেনের ছেলে মো. হেলাল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম থেকে পেকুয়ার দিকে যাওয়া একটি মাছবাহী ডাটা পিকআপের সঙ্গে মহেশখালী থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় সিএনজিচালকসহ আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় নোমান মারা যান। পিকআপের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আছরার উল্লাহ নুরী বলেন, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে নোমানের ডান হাত ও ডান পায়ে গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন