মাদারীপুরের সদর উপজেলার মস্তফাপুর এলাকায় শামসু সরদার ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে এবং উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে শুরু হওয়া সংঘর্ষ প্রায় তিন ঘণ্টা ধরে চলে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। অনেক মানুষ দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় শামসু সরদার (ওরফে কোপা শামসু) ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে শামসু সরদারের লোকজন হাওলাদার গ্রুপের ঢালী বংশের একটি বাড়িতে হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরবর্তীকালে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে একাধিক বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

