গাজীপুরের টঙ্গীতে এক যুবকের ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার টঙ্গীর স্টেশন রোড এলাকার আলামিন বেকারির পেছনে মজিবুর রহমান সরকারের ছয়তলা ভবনের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম মো. মোসাদ্দেক হোসেন (৩৫)।
তিনি সিডিএল নামের একটি সিকিউরিটি কোম্পানির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন এবং ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাজে যাওয়ার কথা থাকলেও মোসাদ্দেক না যাওয়ায় তার সহকর্মীরা বাসায় খোঁজ নিতে যায়। এসময় বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তারা জানালার ফাঁক দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে রশি বেধে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।
পরে পুলিশে খবর দিলে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
থানার ওসি ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

