গোয়ালন্দে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ

গোয়ালন্দে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নুর আলম (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নদীর প্রবল স্রোতে শিশুটি ভেসে যাওয়ার পর তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, দৌলতদিয়া নৌপুলিশ ও স্থানীয় ডুবুরিরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

বিজ্ঞাপন

নিখোঁজ নুর আলম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়ার বাসিন্দা রেজাউল ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নুর আলম কয়েকজন শিশুর সঙ্গে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটসংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সে ভেসে যেতে থাকে। এ সময় সঙ্গে থাকা অন্য শিশুরা তাকে টেনে ধরে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করে। কিন্তু স্রোতের তীব্রতার কারণে তাকে রক্ষা করা সম্ভব হয়নি এবং চোখের পলকে সে পানিতে তলিয়ে যায়।

শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে তার সন্ধান না মেলায় বিষয়টি ফায়ার সার্ভিস ও দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িকে জানানো হয়। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।

এদিকে, দীর্ঘ সময় ধরে শিশুটির সন্ধান না মেলায় তার পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নদীপাড়ে কান্নার রোল পড়ে গেছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যেও শোকের আবহ তৈরি হয়।

ফায়ার সার্ভিস ও নৌপুলিশ জানিয়েছে, নদীর প্রবল স্রোত উপেক্ষা করে শিশুটিকে উদ্ধারে তাদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন