গাজীপুরের শ্রীপুরে গুলি করে বিকাশের প্রায় ৪ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকারচালকসহ চারজন আহত হন। তাদের মধ্যে হিমেল নামের একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন, প্রাইভেটকারচালক লাল মিয়া (৩৫), বেড়াইদেরচালা এলাকার ফাহাদ হোসেন (৩৫), হিমেল আহমেদ (৩৫)। তবে রিফাত (৩০) আহত হননি । লাল মিয়ার বাড়ি কেওয়া পশ্চিমখণ্ডের বেড়াইদেরচালা এলাকায়। ফাহাদ হোসেন বিকাশের ক্রেডিট ম্যানেজার। তার বাবার নাম বুলবুল আহমেদ। হিমেল আহমেদের বাবার নাম জসিম এবং রিফাতের বাবার নাম জামান। তাদের বাড়ি শ্রীপুরের বেড়াইদেরচালা ও চন্নাপাড়া এলাকায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নরসিংদী থেকে প্রায় ৪ কোটি টাকা নিয়ে একটি প্রাইভেটকার মাওনা চৌরাস্তার উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আসা ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে। এ সময় তারা গুলি ছুড়ে প্রাইভেটকারে থাকা প্রায় ৪ কোটি টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর গুলিবিদ্ধ ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম সাংবাদিকদের বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নেমেছে। খুব শিগগিরই তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-92b1d1-720x405.webp)