নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে পেটাল যুবদল কর্মীরা

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে পেটাল যুবদল কর্মীরা

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে যুবদল কর্মীদের বিরুদ্ধে। মারধরের শিকার অকিল উদ্দিন ভূইয়া সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

বিজ্ঞাপন

অভিযোগ উঠেছে, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি উপস্থিতিতে তার অনুসারীরা এ হামলা চালায়। বৃহস্পতিবার বেলা ২টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার জেলা পরিষদ প্রাঙ্গণে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রক্তদান, বৃক্ষমেলা, বইমেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সময় সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে অকিল উদ্দিন ভূইয়ার সঙ্গে যুবদল কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। তবে উপস্থিত সিনিয়র নেতারা পরিস্থিতি সামাল দেন। কিন্তু সাময়িকভাবে থেমে যাওয়া উত্তেজনা শেষ পর্যন্ত মারামারিতেই গড়ায়।

অভিযোগ রয়েছে, দুপুর দুইটার দিকে অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় অকিল উদ্দিন ভূইয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়। কিল-ঘুষিতে তার ঠোঁট ফেটে যায়, রক্তাক্ত হন তিনি। এমনকি তার পরনের জামাও ছিঁড়ে ফেলা হয়।

দলের সিনিয়র একজন নেতার ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি সন্ত্রাসীদের দল নয়, এখানে কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না।

হামলার শিকার অকিল উদ্দিন ভূইয়ার দাবি, উদ্বোধনী অনুষ্ঠানে রনির সঙ্গে তার তর্কবিতর্ক হয়েছিল ঠিকই তবে সিনিয়র নেতারা বিষয়টি মিটিয়ে দিয়েছিলেন। পরে প্রশাসকের কক্ষ থেকে তিনি ও রনি একসঙ্গে নিচে নামলেও রনির অনুসারীরাই তার ওপর হামলা চালায়।

অভিযোগের বিষয়ে জানতে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন